পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে গেছে উজ্জ্বল (৩২) নামে এক ডাকাতি মামলার আসামি। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পঞ্চগড় আদালতের ভারপ্রাপ্ত আদালত পরিদর্শক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত আদালত পরিদর্শক জানান, বুধবার হাজিরার দিনে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বি এম তারিকুল ইসলামের আদালত ডাকাতি মামলার আসামি উজ্জ্বলের জামিন না-মঞ্জুর করে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশি পাহারায় হাজতে নেওয়ার সময় আদালতের বারান্দা অতিক্রমকালে কনস্টেবল মোহাম্মদ আলীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান উজ্জ্বল।
পুলিশ সূত্র জানান, পলাতক উজ্জ্বলের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে। সম্প্রতি জেলা শহরের এক সরকারি কর্মকতার বাড়িতে ডাকাতির মামলায় ১৩ জানুয়ারি তাকে গ্রেফতার করেছিল পঞ্চগড় থানা পুলিশ।
/এইচকে/








