জেলার মলানী ও ডাবরী সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ফেন্সিডিল আটক করেছে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ন।
৩০ বিজিবি’র এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল ও বুধবার পৃথক দুইটি অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৩৫৪ বোতল ফেন্সিডিল আটক করেছে মোলানী ও ডাবরী বিওপি’র টহল দল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে ডাবরী বিওপি থেকে হাবিলদার মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি বিজিবি টহল দল হরিপুর উপজেলায় মানিকখাড়ী থেকে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১,১৯,২০০/- টাকা।
অন্যদিকে বুধবার ভোর ৩-৩০ মিনিটে’র দিকে মলানী বিওপি থেকে নায়েব সুবেদার নুরুল আনছার-এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল হারিপুর উপজেলার ডিহাটে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৬ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২২,৪০০/- টাকা। দুইটি অভিযানে আটক মাদক দ্রব্যের অর্থমান প্রায় দেড় লাখ টাকা বলে বিজিবি সূত্র জানায়।
৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুষার ইউনুস বলেন, ঠাকুরগাঁও সীমান্তকে মাদকমুক্ত করার লক্ষ্যে গত ২ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
/জেবি/
আপ: এইচকে








