কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বিরুদ্ধে তার শ্বশুরের পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার পাশাপাশি এদিন দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন নিজ নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেন আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন লিখিত বক্তব্যে বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদ সদস্য জাকির হোসেন তার শ্বশুর ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে গোপন বৈঠকও করছেন। এতে করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। প্রতিমন্ত্রীর এমন প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।’
নির্বাচনি এলাকায় শ্বশুরের পক্ষে অবাধে প্রচারণা চালানো থেকে প্রতিমন্ত্রীকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান এই প্রার্থী।
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করে এই প্রার্থী আরও জানান, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে গত ২৩ অক্টোবর নির্বাচন কমিশনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন করেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হলে ভোটারদের মাঝে যে সংশয় তৈরি হচ্ছে তা কেটে যাবে।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভোট প্রদানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং উৎসবমুখর পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকার জানিয়েছেন, প্রতিমন্ত্রী তার জামাতা হলেও তিনি নির্বাচনি প্রচারণায় অংশ নেননি। তার দাবি, প্রতিপক্ষ প্রার্থী মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, ‘আমার জামাই কী আমার বাড়িতে আসতে পারবে না? তিনি এখন (বৃহস্পতিবার বিকাল) আমার বাড়িতেই আছেন। কিন্তু তিনি তো নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন না। প্রতিপক্ষ পরাজয়ের ভয়ে মিথ্যা অভিযোগ করছে।’
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, লিখিত অভিযোগ অভিযোগ পাওয়ার পর আমি চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্য সচিব ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। তারা প্রতিবেদন দিলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবো।’
প্রসঙ্গত, চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী সরকারের (বীর বিক্রম) মৃত্যুর পর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।








