যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে করা সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের মানহানির দুই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি আরেক দফা পিছিয়েছে। নতুন করে আগামী ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন আদালত।
সাংবাদিকদের পক্ষের আইনজীবীর সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাজু আহম্মেদ এ দিন ধার্য করেন। গত ২ আগস্ট মামলা দুটির চার্জ গঠনের শুনানির জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছিলেন একই আদালত। এর আগে গত ২৪ ও ২৫ এপ্রিল মামলা দুটির চার্জ শুনানির দিন ছিল।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের পক্ষের আইনজীবী মো. ফরহাদ হোসেন লিটু বলেন, ‘শুনানির জন্য আদালতে মামলার বাদী নুরুন্নবী সরকার আইনজীবীসহ উপস্থিত ছিলেন। কিন্তু বিবাদী পাঁচ সাংবাদিক পেশাগত কারণে আদালতে হাজির হতে না পারায় সময় চেয়ে আবেদন করা হয়। আদালত ন্যায় বিচারের স্বার্থে শুনানি শেষে আগামী ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এর আগের ধার্য দিনে হয়রানির উদ্দেশ্যে করা এ মামলা থেকে অব্যাহতি চেয়ে সাংবাদিকদের পক্ষে আদালতে আবেদনসহ নানা তথ্য-প্রমাণ দাখিল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ২ আগস্ট হাজিরা দিতে আসা পাঁচ সাংবাদিককে আদালতের বারান্দায় আঙুল উঁচিয়ে অকথ্য গালাগাল ও হুমকি দেন মামলার বাদী নুরুন্নবী সরকার। হুমকির ওই ভিডিও প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় নুরুন্নবী সরকারের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন সাংবাদিক জিল্লুর রহমান পলাশ। জিডিটি তদন্তের জন্য কোতোয়ালি থানার উপ-পরিদর্শক বিজন সাহা অনুমতি চেয়ে আদালতে পাঠালে গত ১৮ আগস্ট তা মঞ্জুর করেন বিচারক। ইতোমধ্যে বিবাদী নুরুন্নবী সরকারের নাম-ঠিকানা অনুসন্ধানে কুড়িগ্রাম থানায় পত্র পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, ঘুষ ও দুর্নীতিতে আলোচিত নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। তদন্তে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলাসহ লঘুদণ্ড দেয় অধিদফতর। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর ১২ সাংবাদিকের বিরুদ্ধে রংপুর আদালতে মানহানির দুটি মামলা করেন নুরুন্নবী সরকার। আদালতের নির্দেশে তদন্ত শেষে সাত জনকে অব্যাহতি দিয়ে সাংবাদিক পলাশসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পিবিআই।









