পঞ্চগড়ে গণমিছিলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাঁচটি মামলা করেছে পুলিশ। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর থানার পাঁচ উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাগুলো করেছেন।
এসব মামলায় বিএনপির ৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, সদর থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে সরকারি কাজে বাধা, দাঙ্গা সৃষ্টির চেষ্টা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১১০০-১২০০ নেতাকর্মীকে এই মামলার আসামি করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক আইনে ১৩ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের নামে মামলা করেছেন উপ-পরিদর্শক সাইদুর রহমান। সরকারি কাজে বাধা, দাঙ্গা সৃষ্টির চেষ্টা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা করেছেন উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র রায়। ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৪৫-২৫০ জনকে এই মামলার আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, একই অভিযোগে উপ-পরিদর্শক আলতাব হোসেন সরকার ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২৫-১৩৫ জনের নামে আরেকটি মামলা করেন। উপ-পরিদর্শক মাসুদ রানা ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫৫-১৬০ আসামি করে আরেকটি মামলা করেছেন।’
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। তবে কোনও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।’
এদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ হরিপুর গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়।
রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে আরেফিনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিএনপি নেতা আব্দুর রশিদ লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো গ্রামে শুরু হয় শোকের মাতম। আরেফিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম, স্ত্রী চামেলী বেগম এবং ১১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল মাহী বারবার কান্নায় ভেঙে পড়েন।
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমাদের এক নেতা মারা গেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। অথচ পুলিশ আমাদের নেতাকর্মীর নামে পাঁচটি মামলা করেছে।’








