কুড়িগ্রামের দুই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এবং ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সদরের মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান ডা. এনামুল হক ও ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য নফছার আলীর মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মোগলবাসা ইউনিয়নের ১০ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫০ জন। আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান ডা. এনামুল হকের ছেলে মো. মাহফুজার রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রোকন মন্ডল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে মো. আজাগার আলী, ঘোড়া প্রতীকে মো. ইয়াকুব আলী এবং আনারস প্রতীকে মো. নুরজামাল বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, তিলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু করতে বুধবার বিকালের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে ভোটের প্রস্তুতি সম্পন্ন করেছেন।









