দ্বিতীয়বারের মতো বিশাল ব্যবধানে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জয়ের পর এই প্রথম বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পরাজিত আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার বাসায় গিয়ে ফুলের তোড়া নিয়ে সাক্ষাৎ করেছেন সদ্য নির্বাচিত মেয়র।
সাক্ষাতে সিটি করপোরেশন উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। পরাজিত প্রার্থী ডালিয়া সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে মেয়র আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যাওয়ার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে কাউকেই বাসায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি টেলিভিশন ক্যামেরাম্যানদের ভিডিও করতে দেওয়া হয়নি।
জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন, আজ বিকালে নবনির্বাচিত মেয়র দলের কয়েকজন নেতাকে নিয়ে নগরীর গুপ্তপাড়া মহল্লায় অবস্থিত ডালিয়ার বাসায় যান। তিনি বড় একটি ফুলের তোড়া তার হাতে দিয়ে শুভেচ্ছা জানান এবং দোয়া চান। এ সময় আওয়ামী লীগের নেত্রীর ছেলে শেখর ও রংপুর মহানগর আওয়ামী লীগের তাজহাট থানার সভাপতি ইমাদ মিয়া, হারাগাছ থানা সভাপতি রেজাউল ইসলাম রেজা সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, তিনি নব নির্বাচিত মেয়রের সঙ্গে ওই বাসায় গিয়েছিলেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই মেয়র প্রার্থীর মাঝে আলোচনা হয়েছে। এ সময় তাদের বিভিন্ন ফল দিয়ে আপ্যায়ন করা হয়। চাও পান করানো হয়।
তিনি জানান, আলোচনাকালে মেয়র মোস্তফা আওয়ামী লীগ প্রার্থী ডালিয়ার কাছে তার মেয়র পদে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা চান। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রার্থী হলেও দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন করতে চাই। আমি নির্বাচিত হয়েছি সব দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। আমি এখন থেকে কোনও দলের মেয়র নই। আমি সবার মেয়র।’ এ জন্য হোসনে আরা ডালিয়ার সহযোগিতা কামনা করেন।
জাতীয় পার্টির এই নেতা আরও জানান, এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া মেয়র মোস্তফাকে সব ধরনের সহগযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘যখনই আমার সহযোগিতা প্রয়োজন মনে করবেন- বললে শতভাগ সহযোগিতা করবো।’ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বা কোনও সহায়তার প্রয়োজন মনে করলে সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
এ বিষয়ে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ডালিয়া আপা আমার মুরুব্বি। উনি ভালো মনের মানুষ এবং একজন খ্যাতিমান আইনজীবী এবং সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। আমি তার কাছে দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেছি। তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ।’









