নির্বাচনের ফল ঘোষণার পর দুই কেন্দ্রে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৫২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৬

নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়নের পৃথক দুটি কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। ইট-পাটকেল মেরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী কেন্দ্রে ফলাফল ঘোষণার পর কিছু লোকজন কাগজপত্র ভুল আছে দাবি করে কেন্দ্র ঘেরাও করেন। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ও সরকারি মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার গেলে তাদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাড়ি ও সরকারি মালামাল নিয়ে ফেরত যায় পুলিশ। এই ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন।

এদিকে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিরল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর হট্টগোল শুরু করেন পরাজিত প্রার্থীদের সমর্থকরা। তারা ইভিএম মেশিন থেকে পাওয়া কপি দেখতে চেয়ে কেন্দ্রে নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের কেন্দ্র থেকে বের হতে বাধা দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে নির্বাচনি সরঞ্জাম নিয়ে আসার চেষ্টা করলে প্রার্থীর সমর্থকরা ইট-পাটকেল ছোড়েন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ, পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। 

এই বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন বলেন, দুটি ঘটনা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। উভয় ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা একটি কেন্দ্রে সরকারি মালামাল রক্ষা ও নিজেদের নিরাপত্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছি। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা মামলা দেবেন, যা প্রক্রিয়াধীন রয়েছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, দুটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর হামলা হয়েছে। এতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর হয়েছে। ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল লতিফ (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী) আহত হয়েছেন। এ ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন। আমাদের নির্বাচনি সরঞ্জামাদি নিরাপদ রয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা মামলা করবেন।

দিনাজপুরের বিরল পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবুজার সিদ্দিক সাগর নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হয়নি। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর রাজারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন প্রার্থী। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী