কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়। দুদক কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই অভিযানের বিষয়ে বুধবার সন্ধ্যায় দুদকের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
অভিযান সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনের বিরুদ্ধে আউটসোর্সিং কর্মচারীদের প্রতি মাসের পরিবর্তে তিন মাস পর পর বেতন দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কর্মচারীদের নির্ধারিত বেতনের ছয় থেকে আট হাজার টাকা কম দেওয়ার অভিযোগ আছে। এরই পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম থেকে একটি টিম অভিযান চালায়। এ সময় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রাপ্তদের তাদের নির্ধারিত বেতন গ্রহণের আগে বিভিন্ন অংকের টাকা প্রদান করতে হয় বলে প্রাথমিক সত্যতা পায় দুদকের অভিযান পরিচালনাকারী দল।
এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক নিম্নমানের খাবার পরিবেশনের তথ্য পায় দুদক । অভিযানকালে রান্নাঘর পরিদর্শন ও নিম্নমানের খাবার পরিবেশন সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে দলটি।
এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ বলেন, ‘অভিযানকালে আমরা বিভিন্ন অভিযোগ সংক্রান্ত নথি সংগ্রহ করেছি। এ বিষয়ে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।’









