‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে কুড়িগ্রামে ‘শান্তি সমাবেশ’ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার কর্মসূচি পালন করেছে বিএনপি। দুই দলের কর্মসূচির কারণে শহরে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। সড়কের ওপর সমাবেশ করায় শাপলা চত্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে মিলিত হন। কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারীগামী সড়কের কেন্দ্রস্থল শাপলা চত্বর। সেখানে শান্তি সমাবেশ হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাতায়াতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলীয় নেতারা। এ সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
অপরদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে শহরের এন আর প্লাজার সামনে পদযাত্রা পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন অলিগলি থেকে ঝটিকা মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদ হাসান যোবায়ের হিমেল।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার লুটপাটের মাধ্যমে দেশের ডলার বিদেশে পাচার করে দিয়ে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা এখন আবোলতাবোল বলছেন। শান্তি সমাবেশের নামে বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি দিয়ে সারা দেশে আশান্তি সৃষ্টি করেছে আওয়ামী লীগ।’
পরে সমাবেশস্থল থেকে জেলা বিএনপির মোক্তার পাড়ার কার্যালয় পর্যন্ত পদযাত্রা করেন নেতাকর্মীরা।









