রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সজিব রায়হানকে হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ এপ্রিল) গভীর রাত পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও নগরীর প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
হামলার অভিযোগ উঠেছে টোকাই রিহানের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, নগরীর জুম্মাপাড়া মহল্লায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অনেকেই হোস্টেলে থেকে লেখাপড়া করেন। সেখানে প্রায়ই টোকাই রিহানের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা আদায় করে। প্রশাসনকে বলেও কাজ হয়নি। সোমবার রাতে সজিব রায়হান নামে শিক্ষার্থীকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাই করে।
এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে নগরীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মাশরুর রহমান, আফসানসহ অন্যরা।
শিক্ষার্থী মাশরুর অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজের অভ্যন্তরে অবস্থিত হোস্টেলের শিক্ষার্থীদের কাছ থেকে টোকাই রিহানের নেতৃত্বে সন্ত্রাসীরা চাঁদা আদায় করে। না দিলে মারধর করে।’
পরে পুলিশ এসে গ্রেফতারের আশ্বাস দিলে গভীর রাতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।









