ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানিয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া জানান, বুধবার এ সংক্রান্ত আদেশ সিটি করপোরেশনে এসেছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ফৌজদারি মামলায় সাজা হওয়ায় তাকে কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
জানা গেছে, গত ৭ এপ্রিল রাতে রংপুর নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় তোলপাড় শুরু হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ছাড়াও তিনি সড়ক ও জনপথ বিভাগের জমি জালিয়াতি করে রেজিস্ট্রারি বায়না জাল করা সংক্রান্ত মামলার সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া জানান, ফৌজদারি মামলায় কাউন্সিলর শিপলুর সাজা হওয়ার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হলে তাকে বহিষ্কার করেছে।









