দিনাজপুরের হিলিতে কৃষকের বাড়ি থেকে গরু চুরি করার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (১৮ জুন) রাত ২টার দিকে হিলির কাদিপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মমিন হোসেন (৪৭) ও রেজাউল ইসলাম (৪৫) ।
আটক মমিন হিলির কাকড়াপালি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। রেজাউল পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, রবিবার রাত ১২টার দিকে হিলির আলিহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির গোয়ালঘরে গরু চুরি করতে ঢোকে চোরের দল। এ সময় গরুর মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দুইজনকে আটক করে। স্থানীয়রা তাদের মারধর করে পুলিশে খবর দেয়। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ওসি আরও জানান, লোকজন মারধর করায় তারা আহত। তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।









