কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের বাজার এলাকায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় বাইসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রলিসহ চালককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
নিহতরা হলেন- একরামুল হক (৪০) ও তার ছেলে মাসুদ রানা (১১)। তারা উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামের বাসিন্দা। বাবা ছেলে মিলে ঈদের কেনাকাটা করতে বাইসাইকেলে করে উপজেলা শহরে যাচ্ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে। আটক চালকের নাম মোকছেদুল হক (২৫)। তিনি নাগেশ্বরী উপজেলার হিরার ভিটা গ্রামের হজরত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একরামুল হক ছেলে মাসুদ রানাকে নিয়ে বাইসাইকেলে করে বাড়ি থেকে ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁন্দের বাজার নামক এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একরামুল হককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একরামুলের বড় ভাই শহিদুল বলেন, ‘ছেলের জন্য ঘড়িসহ ঈদের কেনাকাটার জন্য আমার ভাই ও ভাতিজা বাজারে যাচ্ছিল। এ সময় একটি ট্রলি পেছন থেকে তাদের সাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ‘একরামুলের বড় ভাই শহিদুল বাদী হয়ে মামলা করেছেন। চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’









