দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলনকে ‘অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
রবিবার (৩০ জুলাই) বিকালে জেলা শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, ফজলে নুর তানু, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট আমজাদ হোসেন ও আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
দেশব্যাপী বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ তীব্র প্রতিবাদ জানিয়ে সব নেতাকর্মীকে রাজপথে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা। সেইসঙ্গে আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার আহ্বান জানান তারা।









