গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পান করে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশকের বোতল কৌতূহলবশত খুলে মুখে দিয়ে অসুস্থ হয় শিশুরা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোমবার (০১ জানুয়ারি) বিকালে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, সকালে ওই গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর পরিত্যক্ত কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বিকালে প্রতিবেশী পাঁচ শিশু খেলার সময় কৌতূহলবশত বোতলে থাকা অবশিষ্ট কীটনাশক বের করে মুখে দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (ইউএইচও) মুহাম্মদ আনিসুর রহমান বলেন, কীটনাশক পান করে অসুস্থ অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় তারা এখন শঙ্কামুক্ত।









