সংসদ নির্বাচন বাতিল, নতুন নির্বাচন এবং সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভাগীয় নগরী রংপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
এরপর সোয়া ১২টার দিকে কালো পতাকা হাতে মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাব পর্যন্ত যায়, সেখান থেকে আবারও তারা দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন বলেন, ‘রংপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক শীর্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনেকে কারাগারে আটক রয়েছেন। অনেকেই মামলা থাকায় পালিয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে কারাবন্দিদের মুক্তি এবং গত ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে।’
অন্যদিকে, গত বছরের ২৯ নভেম্বরের পরে দীর্ঘ প্রায় দুই মাস রংপুর মহানগর ও জেলা বিএনপি কার্যালয় তালাবদ্ধ থাকার পর শনিবার খোলা হয় এবং নেতাকর্মীরা সেখানে আসেন।
এর আগে, রংপুরের ৮ উপজেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩/৪ শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসেন। বিএনপির কর্মসূচি উপলক্ষে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এদিন বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটেনি।








