ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে, শ্যামলী নৈশকোচ ও তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা থেকে আসা শ্যামলী নৈশকোচ এবং বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী নৈশকোচটি অতিরিক্ত গতি সম্পন্ন হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন– লরিচালক বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের সারোয়ার হোসেন ও শ্যামলী বাসের যাত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে একজনকে নিহত এবং আহত ১৫ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আসা হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর সদস্যরাও এগিয়ে আসেন।









