সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের এই ঈদের দিনে, এই খুশির দিনে নতুন বাংলাদেশের এই যে নতুন ঈদ, এই দিনে পুরো পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে একটি কথাই বলতে চাই, রমজানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। অর্থাৎ আল্লাহর ভয়ে সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আমরা যেন এই রমজানকে বাকি ১১ মাস ধারণ করতে পারি। আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহর প্রতি আমাদের বান্দার হক রয়েছে এবং বান্দার প্রতি বান্দার হক রয়েছে, এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করি।’
সোমবার সকাল ৯টায় পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সামনে সারজিস আলম এসব কথা বলেন। নামাজ শেষে সারজিস আলম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। এ সময় মুসল্লিদের অনেকে তার সঙ্গে সেলফি তোলেন।
তিনি বলেন, ‘পুরো পৃথিবীতে মজলুম অনেক মুসলিম, আমাদের ভাইবোনেরা আজকে আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা, ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী মানুষ রয়েছেন, যেখানে আমাদের মুসলিম ভাইয়েরাও মজলুম। আজকে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা আমাদের দেশে রয়েছেন। আমরা পৃথিবীর সব মজলুম মুসলিম ভাইদের জন্য দোয়া করবো।’
পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. ময়নুল ইসলাম। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন।









