অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে ২০০৬ সালের ২৩ ডিসেম্বর রাতে আসামি মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাত দেশে তৈরি একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি রংপুরের মাহিগঞ্জ মাহিন্দ্র এলাকার একটি বাঁশ ঝাড় থেকে সাক্ষীদের উপস্থিতিতে এই সব পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই তুহিন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি আলী ডাকাতকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায়ের দিন আসামি আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় দেন আদালত। সেই সঙ্গে আসামির নামে সাজা পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আইনুন নাহার পাপাড়ি। তিনি জানান, আসামি গ্রেফতার হওয়ার দিন থেকে এই সাজা কার্যকর হবে। আলী ডাকাত রংপুর পীরগাছা সড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। ডাকাতি করার সময় জনগণের সহায়তায় তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিরভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জহুরুল হক অ্যাডভোকেট জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
/জেবি/








