পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদে হামলা ও ভাঙচুর করেছে তিরনইহাট ইউনিয়ন পরিষদে পরাজিত আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আলহাজ তাহমিদ মিল্টনের সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপরও হামলা করে সমর্থকরা। তাদের হামলায় তেঁতুলিয়া থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তেঁতুলিয়া উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওসি সরেস চন্দ্র, এসআই হালিম খাঁন, কনস্টেবল মোহাম্মদ আলী, মজিবুল হক, সোহাগ ও নবকুমার।
আহত তেঁতুলিয়া থানার ওসি সরেস চন্দ্র জানান, দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে পরাজিত আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী হাজী তাহমিদ মিল্টনের প্রায় তিন শতাধিক সমর্থক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পুনরায় ভোট গণনার দাবিতে এক ঘণ্টা ধরে বিক্ষোভ করতে থাকে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন তাদের ভোট পুনঃ গণনার আশ্বাস দিলেও তারা অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তারা সিঁড়ি দিয়ে ইউএনও অফিসের দোতলায় ওঠার চেষ্টা করলে পুলিশ কলাপসিবল গেইট বন্ধ করে দেয়। এ সময় তারা ইউএনও কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা অফিসার্স ক্লাবের জানালা ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও হামলা করে। এতে তিনিসহ ছয়জন আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে।
উল্লেখ্য, গত ২২ মার্চ ইউপি নির্বাচনে তিরনইহাট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হাজী তাহমিদ মিল্টন।
/বিটি/টিএন/








