গরিব-দুঃখী মানুষের কল্যাণে নিজের সহায়-সম্পত্তি অসিয়ত করলেন ব্যারিস্টার দিলারা

গাইবান্ধা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ০৪:৪১আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২৩:২৩

‘পৃথিবীতে আমার কোনও ওয়ারিশ নেই’—জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী এমন একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন— ‘আমি দিলারা খন্দকার (ব্যারিস্টার অ্যাট ল’), মাতা মৃত স্বপ্না খন্দকার, পিতা মৃত খন্দকার ওসমান গনি দুলু। পৃথিবীতে আমার কোনও ওয়ারিশ নেই। আমার মৃত্যুর পর যা কিছু সম্পদ আছে, তার ওছিয়তনামা করে রেখেছি। আমার কবর হবে ‘Barrister’s House’-এর পূর্ব পাশে।’

তিনি আরও লেখেন, ‘বিঃ দ্রঃ আমার মৃত্যুর পর আমার ভাই আবু বকর সিদ্দিক পলাশ আমাকে স্পর্শ করতে পারবে না, দাফনে অংশ নিতে পারবে না, কবরে মাটি দিতে পারবে না।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার মৃত্যুর পর আমার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি, টাকা-পয়সা একটি ট্রাস্টের মাধ্যমে দুস্থ, এতিম, অসহায় ও গরিব-দুঃখী মানুষের জন্য দাতব্য ও জনহিতকর কাজে ব্যবহার করা হবে অসিয়ত করে যাচ্ছি। এও অসিয়ত করছি, আমার জীবদ্দশায় যদি ট্রাস্ট গঠন করতে না পারি, তাহলে ট্রাস্ট গঠনের সার্বিক দায়িত্ব থাকবে গােইবান্ধা জেলা প্রশাসকের ওপর। জীবদ্দশায় আমাকে এই কাজে যারা সহযোগিতা করবে এবং একান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন হয়ে থাকবে তারাই আমার ওই ট্রাস্টের সদস্য হতে পারবে।’ 

রাজনৈতিক সূত্রে জানা গেছে, দিলারা খন্দকার গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনাও ছিল তার। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও পার্টি চেয়ারম্যানের নির্দেশে তা প্রত্যাহার করেন।

দিলারা খন্দকার ২০০৭ সালে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে দেশে ফেরেন। ২০০৯ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন এবং ২০১১ সালে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি পান। তার বাবা খন্দকার ওসমান গনি দুলু ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যবসায়ী ও জাতীয় পার্টি রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পলাশবাড়ী পৌর এলাকায় পরিচিত ‘শিল্পী ভোজনালয়’-এর মালিক ছিলেন।

শিক্ষাজীবনে তিনি এসএসসি পাস করেন পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি পলাশবাড়ী সরকারি কলেজ থেকে। পরে লন্ডনে গিয়ে এ-লেভেল সম্পন্ন করে ‘ল’-এর ওপর ডিপ্লোমা, এলএলবি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লিংকনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুকার দীর্ঘতালিকায় ফিরলেন দুই সাবেক বিজয়ী, জায়গা পেলেন ১০ নতুন লেখক
সিলেটের ভ্রমণের প্রকৃতির রূপ উপভোগের সেরা সময় কখন
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা