তৃতীয় দফা ইউপি নির্বাচনে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে আট নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল মান্নান শাহ নামে এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকেলে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মৃণাল রায় মনোনয়নপত্র প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (রিটার্নিং) এনএম শরিফুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।
যে ১২টি ইউনিয়নে তৃতীয় দফায় আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো, জেলা সদরের সোনারায়-সংগলশী-চড়াইখোলা-কচুকাটা ও রামনগর। ডিমলা উপজেলার সদর-পশ্চিম ছাতনাই-পূর্বছাতনাই-বালাপাড়া-খালিশাচাঁপানী-ঝুনাগাছ চাঁপানী ও নাউতারা।
জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান, গত ২৭ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পর এখন ওই ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/এনএস/ এএইচ/আপ-এআর/








