রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ইন্টারনি ডাক্তারদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। চারদিন পর সোমবার দুপুর পৌনে ১২টা ধর্মঘট প্রত্যাহার করা হয়। ইন্টারনি ডাক্তারদের নিরাপত্তা দেওয়া ও পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ৫ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ইন্টারনি ডাক্তারদের দীর্ঘ আলোচনা শেষে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
পরে ইন্টারনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত সাংবাদিকদের জানান, হাসপাতালসহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থী ও ইন্টারনি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া সন্ত্রাসীদে হামলায় গুরুতর আহত ইন্টারনি ডাক্তার সুমনের কাছ থেকে ছিনতাই করা ফোন ও অর্থের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এর পরে যদি আবারও কোনও ইন্টারনি ডাক্তার হামলা বা ছিনতাইকারির দ্বারা আক্রান্ত হয়, তাহলে এবার আর কোনও আলোচনা নয়। সরাসরি ধর্মঘট করে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানান।
আলোচনায় অংশ নেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. বরকতুল্লা, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা আল ফারুখসহ সিনিয়র শিক্ষক ও ইান্টারনি ডাক্তাররা।
/জেবি/








