বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনুগ্রহ করে আপনারা প্রতিহিংসার রাজনীতি থেকে ভালোবাসার রাজনীতিতে ফিরে আসুন। গণতান্ত্রিক সহনশীলতার রাজনীতি চালু করুন। দেশে একদলীয় রাজনীতি চালু করার চেষ্টার ফলাফল অতীতে ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। গণতন্ত্রকে চলতে দিতে হবে, ভিন্নমতকে চলতে দিতে হবে।
তিনি বিএনপি’র পূর্ণাঙ্গ মহাসচিব হবার পর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমন উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা বিএনপি সহ-সভাপতি শাহেদ কামাল ডালিম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
সংবর্ধনার জবাবে মির্জা ফখরুল তাকে মহাসচিব মনোনীত করায় দেশনেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া ও ঠাকুরগাঁওয়ের স্থানীয় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজ দেশে যখনই কেউ অগণতান্ত্রিক শাসনের প্রতিবাদ করে তাকে গুলি করা হয়, কেউ প্রতিবাদ করে লিখতে গেলে তাকে গুম করে দেওয়া হয়। অথচ স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পরও স্বাধীনতার যে মূলমন্ত্র ‘গণতন্ত্র’ তা আজও প্রতিষ্ঠিত হয়নি।
এর আগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
/এএইচ/








