ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আসাদুল হক (৩৮) বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আগামী ১৩ সেপ্টেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে ৪২ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানায়, ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ওই এলাকায় একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে বিজিবির কাছে পাওয়া তথ্যে আসাদুল হককে মাদক চোরাকারবার ও অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে বিস্তারিত জানার পাশাপাশি ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
এদিকে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে আরও দুই বাংলাদেশি নাগরিককে আটকের কথা জানা গেলেও তাদের আটকের বিষয়টি ৪২ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ফলে তাদের পরিচয় ও আটকের কারণ সম্পর্কে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।









