পঞ্চগড় জেলার সদর উপজেলার সিংরোড নায়েকপাড়া এলাকায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ রবিবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক কাইমুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে। সোমবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা করা হবে এবং গ্রেফতারকৃত কাইমুলকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার সকালে দিনমজুর বাবা-মার অনুপস্থিতির সুযোগে সদর উপজেলার সিংরোড নায়েকপাড়া গ্রামের কাইমুল ইসলাম (৫৫) বাড়িতে ঢুকে ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায় । এসময় ওই কিশোরীর মা বাড়িতে এলে কাইমুল পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পঞ্চগড় থানায় ধর্ষণের অভিযোগে কাইমুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার পর রাতে ১১টার দিকে পঞ্চগড় থানার এসআই শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল সিংরোড খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাইমুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহসে উল গণি জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে আসামী কাইমুলকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
/এইচকে/








