ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। জামায়াত প্রার্থী নির্বাচনী প্রচারণায় বাধা, নেতাকর্মীদের ওপর হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। অন্যদিকে এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে দেলাওয়ার হোসেন বলেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন এবং শেষ পর্যন্ত মাঠে থাকতে চান। নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের ভূমিকার ওপর এখনো তাদের আস্থা রয়েছে। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। এসব কারণে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী।

ভোটার উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দেলাওয়ার হোসেন। তার মতে, উপনির্বাচন হওয়ায় ঢাকার বাইরে অবস্থানরত অনেক ভোটারের আগ্রহ কম থাকতে পারে। এর সঙ্গে হুমকি ও ভয়ভীতির অভিযোগ যুক্ত হওয়ায় ভোটের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার পরিকল্পনা রয়েছে—বিএনপির এমন অভিযোগের জবাবে দেলাওয়ার হোসেন বলেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপদে ভোট দেওয়ার অধিকার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

জামায়াত প্রার্থীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টা চলছে। তার দাবি, ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতাকর্মী একের পর এক অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব অভিযোগের কয়েকটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফয়সল আমীন বলেন, কখনো মিথ্যাচার, আবার কখনো হামলা ও হুমকির অভিযোগ তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে। ভোটারদের টাকা দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। বরং জামায়াতের টাকা দেওয়ার অনেক প্রমাণ রয়েছে বলে দাবি করেন বিএনপির এই প্রার্থী।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে মির্জা ফয়সল আমীন বলেন, ফলাফল যা-ই হোক, তিনি তা মেনে নেবেন। তার মতে, ফলাফল মেনে না নেওয়ার অর্থ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস না করা। গণতন্ত্রের মূল কথা হলো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো।

অপরদিকে, দেলাওয়ার হোসেন নির্বাচনকে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পরীক্ষা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—আগামীকালের ভোটের মাধ্যমে প্রশাসনকে সেই দৃষ্টান্ত স্থাপনের দায়িত্ব নিতে হবে।

দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উপনির্বাচনের আগের দিন নির্বাচনী পরিবেশ ও ভোটারদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে ভোটাররা যাতে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং তাদের ভোটের সঠিক প্রতিফলন ঘটে, সেটিই এখন নির্বাচনসংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।

দুই সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এম/
সম্পর্কিত
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন