বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না

লিয়াকত আলী বাদল, রংপুর
০৫ নভেম্বর ২০২৬, ১৮:৪১ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৪১

রংপুর নগরীর কেরানীপাড়া টেক্সটাইল মোড় এলাকায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। তারা প্রতিদিন দেরিতে অফিসে আসেন। এতে সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না গ্রাহকরা। এমনকি কার্যালয়টিতে নিয়মিত জাতীয় পতাকাও উত্তোলন করা হয় না।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় সরেজমিনে কার্যালয়ে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন অফিস সহায়ক ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। সকাল ৯টা ১৮ মিনিটে এক নারী কর্মকর্তা কার্যালয়ে আসেন। দেরিতে আসার বিষয়ে প্রথমে তাচ্ছিল্যের সুরে বলেন, তিনি বেড়াতে এসেছেন। পরে নিজের চেয়ারে বসে জানান, শরীর ভালো না থাকায় আসতে দেরি হয়েছে।

এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে প্রবেশ না করে পাশের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গিয়ে বসে থাকেন। সকাল ৯টা ২০ মিনিটে আরেক নারী কর্মকর্তা এসে যানজটের কারণে দেরি হওয়ার কথা জানান। অন্য এক কর্মকর্তা বলেন, তাদের অফিসের কার্যক্রম সাড়ে ৯টার পর শুরু হয়। নির্বাহী প্রকৌশলী মনির হোসেনই আসেন সকাল ১০টার পর, তাই আগে এসে কী করবেন?

সকাল ৯টা ২৫ মিনিটের পর একে একে অন্য কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে আসতে শুরু করেন। তাদের প্রত্যেকের কাছেই দেরিতে আসার নানা কারণ জানতে পারেন এই প্রতিবেদক।

নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর, সকাল ৯টা ৩৫ মিনিটে কার্যালয়ে আসেন নেসকো-২-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন। দেরিতে আসার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে অনেক কাজ করতে হয়, রাতেও কাজ করতে হয়। এ কারণে কিছুটা দেরি হয়। আগের দিন বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিসে ছিলাম।’

কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বিশেষ দিবস ছাড়া এখানে পতাকা উত্তোলন করা হয় না।’ 

সরকারি অফিসে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আছে কি না, এমন প্রশ্নও তোলেন তিনি। তার ভাষায়, ‘আমার অফিসে বিশেষ দিবসেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করি।’

এদিকে সকাল ৯টার পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে কার্যালয়ে আসতে শুরু করেন গ্রাহকরা। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি ও দেরিতে আসার কারণে অপেক্ষা করেও কয়েকজন ফিরে যান।

কেরানীপাড়া এলাকার গ্রাহক মোসলেমা খাতুন বলেন, ‘বিদ্যুৎ বিল বেশি আসায় নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ জানাতে দুই দিন ধরে কার্যালয়ে আসছি। কিন্তু তার দেখাই পাই না। উনি অফিসে কখন আসেন, কখন যান, তা অফিসের কর্মকর্তারাই বলতে পারেন না। সবচেয়ে বড় কথা, উনি দেখা দিতেও চান না। অথচ তার স্বাক্ষর ছাড়া বিলের কাগজ সংশোধন হবে না। তার সেবা দেওয়ার মানসিকতা আছে বলে মনে হয় না।’

সকাল ৯টা ২৫ মিনিটে নগরীর আর কে রোড এলাকা থেকে কার্যালয়ে আসেন বৃদ্ধ সোলায়মান আলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাসার বিদ্যুৎ মিটারের সমস্যা নিয়ে তিন দিন ধরে কার্যালয়ে এসে ফিরে যাচ্ছেন। এক কর্মকর্তা তাকে আরেক কর্মকর্তার কাছে পাঠাচ্ছেন। এভাবে ঘুরতে ঘুরতে তিন দিন পার হয়েছে।

সোলায়মান আলী বলেন, বুধবার নির্বাহী প্রকৌশলী মনির হোসেনের সঙ্গে দেখা করতে তার দোতলার কক্ষে গিয়েছিলেন। তখন একজন কর্মচারী তাকে জানান, স্যার ব্যস্ত আছেন, পরে আসতে হবে। আধা ঘণ্টা অপেক্ষা করেও দেখা না পেয়ে ফিরে যান। বৃহস্পতিবার আবার এসেছেন।

সোলায়মান আলী জানান, তিনি একসময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। অবসরে যাওয়ার পর বিদ্যুৎ বিভাগের এই কার্যালয়ে সেবা নিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তার প্রশ্ন, গ্রাহকেরা যদি কাঙ্ক্ষিত সেবাই না পান, তাহলে এই কার্যালয়ের কাজ কী?

এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে আবার কথা বলতে চাইলে তিনি আর কোনও কথা বলতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন।

/এএম/ 
সম্পর্কিত
এলএনজি-নির্ভর বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, ঝুঁকিতে নতুন বিনিয়োগ: প্রতিবেদন
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: বিদ্যুৎ উৎপাদন কতটা কমলো?
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক ঘরে আগুন, ছড়িয়ে পড়ে পুড়লো ১৫ বসতঘর
সর্বশেষ খবর
‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?
‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা