বিজ্ঞান মনস্ক লেখক ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জামিন পেয়ে মুক্ত হওয়ার পর দুই আসামিকে বিস্ফোরক মামলায় ফের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাইমিন নোমান ও রশিদ আহমদ। বৃহস্পতিবার তারা উচ্চ আদালত থেকে অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, গ্রেফতারকৃতরা বিস্ফোরক মামলার আসামি। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বছরের ২৭ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে তাদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে তার বাবা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, জোরপূর্বক ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এছাড়া রশিদ সিলেট সদর উপজেলার টুকেরবাজার থেকে গত বছরের ২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে সকালে নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে এয়ারপোর্ট থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে। ‘আনসার বাংলা ৮’ নামে একটি সংগঠন অনন্ত হত্যার দায় স্বীকার করেছিল।
আরও পড়ুন:
সাদুল্লাপুরে ১০৬ কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ
/এআর/








