সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সমাবেশে হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে প্রাণনাশের হুমকি প্রদানকারী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পুলিশ নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে। দুপুর সাড়ে ১২টায় আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্র জানায়।
এর আগে রবিবার রাত পৌনে ১১টায় শহরতলীর বালুচর এলাকা থেকে নিপুকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। তার বিরুদ্ধে এমসি কলেজে মারামারি ঘটনায় দায়ের করা একটি মামলায় (নম্বর-২২/২৯.০৪.২০১৪) ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, কোতোয়ালী থানায়ও তার বিরুদ্ধে একটি নন জিআর মামলা (১৬/১৩) রয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দক্ষিণ) জানান, নিপুর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। পাশাপাশি থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলাও রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ আরও কয়েকজন আহত হন। এছাড়া, গত এপ্রিল মাসে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে হত্যার হুমকি দিয়ে আলোচিত হন নিপু। এ ঘটনায় ওই প্রকৌশলী সিলেট কোতোয়ালী থানায় একটি জিডি করেন।
/এআর/








