সিলেটের গোলাপগঞ্জে প্রবল বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ভটেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভটেরপাড়া গ্রামের ইকন মিয়া (৭৫), তার ছেলে আব্দুল হামিদ (৪২) ও নাতি মাহদী (৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইউনুস চৌধুরী জানান, প্রবল বৃষ্টিপাতের সময় মঙ্গলবার রাত ২টার দিকে ভটেরপাড়া গ্রামে আকস্মিক একটি টিলা ধসে ইকন মিয়ার ঘরে পড়ে যায়। এতে ওই পরিবারের ১০ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা অক্ষত ছিলেন। গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বাংলা ট্রিবিউনকে টিলা ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধসে পড়া মাটি অপসারণ করে ওই পরিবার সেখানে বসবাস করতে শুরু করেছে। ওই বাড়িটি পাকা বলেও জানান ওসি।
আরও পড়ুন:
এটিএম বুথ থেকে চীনা নাগরিক আটক
/বিটি/








