হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং বাকি দু’জন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
নিহতরা হচ্ছেন বেনু বেগম (৭০), তার মেয়ে নূপুর ইসলাম (৪০), নূপুরের ছেলে নিলয় (১৩), সূচি বেগম (২৫) ও মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম (৩৫)।
নিহতরা মিরপুর এলাকার শ্যাওড়াপাড়া বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর হাইওয়ে থানার এসআই আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মডেল বাজার এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মফিজুল ইসলাম ও সূচি বেগম নামে আরও দু’জন মারা যান। নিহত সূচি বেগমের স্বামীর নাম স্বপন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দাফনের শেষ মুহূর্তে ‘মৃত’ স্ত্রীর ফোন!
/বিটি/টিএন/








