শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কয়েকজন দেশীয় যুবক বিভ্রান্ত হয়ে তারা ইসলামের নামে জঙ্গিবাদি হয়েছেন। গুলশানে হোটেলে খেতে আসা বিদেশিদের নির্মমভাবে হত্যা করেছেন। তারা হত্যা করে বেহেশতে যাওয়ার শিক্ষা গ্রহণ করেছেন। মানুষ মেরে হত্যা করে বেহেশতে যাওয়া যায় না, কোরআন শরীফে লেখা আছে। এটি করলে দোজখে যাবেন। ইসলামের নামে বিভ্রান্তিকর শিক্ষা দিয়ে তরুণদের বিপথগামী করা হচ্ছে।’
শনিবার বেলা ৪ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজ এবং সুরঞ্জিত সেন গুপ্ত পলিটেকনিকেল ইনস্টিটিউট আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযোদ্ধোর সময় ইসলামের দোহাই দিয়ে জামায়াত শিবির পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছে। এদেশে ভালো কাজ করলে ইসলামবিরোধী ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়ে থাকে। আজকে সমস্ত দেশগুলোতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষ হত্যার প্রকল্প গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, ‘তারা ভালো ভালো স্কুলের শিক্ষার্থীদের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা ঈদের জামাতে বোমা হামলা করতে চেয়েছিল পুলিশের প্রতিরোধে তা করতে পারেনি।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন। সন্তান বা শিক্ষার্থীর পরিবর্তন লক্ষ্য করলে, তাকে দ্রুত সংশোধনের চেষ্টা করুন। হত্যা করে বেহেশতে নয়, দোজখে যেতে হবে এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এসব মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিচার সংসদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ ২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ সরঞ্জিত সেনগুপ্তের উদ্যোগে দিরাই পৌর শহরের দোওজ এলাকায় এই দুটি প্রতিষ্ঠান হয়েছে। দেড় একর জমির ওপর দুটি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের ব্যয় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। চলতি বছর থেকে শিক্ষা কাযক্রম শুরু হয়েছে।
বৈরি আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজনের পাশাপাশি শিক্ষাথীরাও উপস্থিত ছিলেন।
/এইচকে/








