জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আটক ছাত্রের নাম মো. জুয়েল আহমদ। সে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জুয়েল হিজবুত তাহরীরের সদস্য। বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টে চালান দেওয়া হয়।
তিনি আরও জানান, বুধবারের অভিযানে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনজনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে এ তিনজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে জুয়েলকে গ্রেফতার দেখানো হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, আটক জুয়েল শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক ২০০৭-০৮ ও স্নাতকোত্তর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুয়েল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৫ সালে মাধ্যমিক ও ২০০৭ এ উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার বর্তমান ঠিকানা- ৫/এ, ব্লক-সি, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এর আগে, গত ১৮ জুলাই শাবি থেকে আব্দুল আজিজ নামের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্র এবং গত ২ আগস্ট ইফ্ফাত আহমেদ নাহিদ নামে একই বিভাগের আরেক ছাত্রকে গ্রেফতার করা হয়। জুয়েলকে নিয়ে শাবি থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটকের সংখ্যা দাঁড়াল তিনজনে।
/এমও/







