জঙ্গি হামলা মোকাবিলায় মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায়গুলোয় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর নজরদারিতে রাখছে সীমান্তের স্পর্শকাতর জায়গাগুলো।
এ জন্য বিজিবির প্রতিটি ইউনিটে জনবল কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। তার পাশাপাশি গোয়েন্দা ও পুলিশের বিশেষ একটি দল কাজ করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ আখতার ইকবাল (পিএসসি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরাধীরা যাতে সীমান্ত পথে ভারতে যেতে না পারে এ জন্য সীমান্তবর্তী এলাকা ও দর্শনীয় স্থানে বিশেষ নিরাপত্তা ও টহল জোরদার করেছে কর্তৃপক্ষ।
বিজিবি সেক্টর সূত্রে জানা গেছে, জঙ্গি তৎপরতা মোকাবিলার জন্য জেলার সীমান্তবর্তী কুলাউড়া জুড়ী, বড়লেখা উপজেলার চাতলাপুর, আলীনগর, মুড়ইচড়া ফুলতলার বিঠুলী, রাজকী, বোবারতল সীমান্তগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে রাতে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত জুড়ে গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্তের ১২০ কিলোমিটার এলাকাজুড়ে বিজিবি সদস্যদের টহল জোরদার ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
জানা যায়, সীমান্তে জঙ্গি হামলা মোকাবিলায় বাংলাদেশ-ভারত সীমান্ত পথে অবস্থিত সিসি টিভি ক্যামেরাগুলো সচল ও সক্রিয় করা হয়েছে। সীমান্ত এলাকার সড়কের পাশের ঝোপঝাড় গাছপালা কেটে পরিষ্কার করা হচ্ছে। সীমান্তের যেসব রুট চোরাকারবারিরা ব্যবহার করত সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা না করার জন্য পরামর্শ দিয়েছে বিজিবি।
কুলাউড়ার চাতলাপুর সীমান্তের বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার মো. হযরত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগের চেয়ে এখন টহল দ্বিগুণ করা হয়েছে।
অপর দিকে জুড়ি উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ক্যাম্পের কোম্পানি কামান্ডার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যা হলেই বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে নিয়ে বিঠুলী ও বিরইনতলা সীমান্তে বিশেষ সতর্কতার সহিত টহল দেওয়া হয়।
এ নিয়ে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী আলীনগর বিওপির নায়েক আব্দুল হাই বলেন, জনবল বৃদ্ধি করায় টহল তৎপরতা আগের চেয়ে বেশি।
এ বিষয়ে শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ আখতার ইকবাল (পিএসসি) বলেন, সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গী হামলার ঘটনার পর থেকে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় আগের চেয়ে পাঁচ গুণ নিরাপত্তা ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন : নাশকতা-বিস্ফোরক মামলায় হাজিরা থেকে অব্যাহতি তরিকুলের








