হবিগঞ্জের বৈকুণ্ঠপুর চা বাগানের ৪১৫ শ্রমিক ৪ মাস ধরে বেতন,রেশন ও চিকিৎসা সেবা না পাওয়ার দাবিতে লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানে সোমবার (২২ আগস্ট) ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ চা শ্রমিক কেন্দ্রীয় কমিটি। বৈকুণ্ঠপুর বাগানের মালিক পক্ষ দাবি মেনে নেওয়ায় চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বৈকুণ্ঠপুর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার পক্ষে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে রবিবার দুপুর থেকে বিকারপর্যন্ত চলা এ বৈঠকে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, শ্রম অধিদফতর শ্রীমঙ্গলের উপপরিচালক মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর শ্রীমঙ্গলের শ্রম পরিদর্শক জাহাঙ্গীর হোসাইন, লস্করপুর ভ্যালির সভাপতি অভিরত বাক্তি, মেম্বার বাবুল চৌহানসহ প্রমুখ।
বৈঠকে বাগান কর্তৃপক্ষের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শাহজাহান ভুঁইয়া ও চা শ্রমিক ইউনিয়নের ভ্যালির কমিটির নেতাদের উপস্থিতিতে লিখিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শাহজাহান ভুঁইয়া স্বাক্ষরিত দুই দফা সম্বলিত সিদ্ধান্তে উল্লেখ করা হয়, চলতি ভাদ্র মাসের মধ্যে শ্রমিকদের চলতি মজুরি ও বকেয়া মজুরি এবং স্টাফদের বকেয়া বেতন সম্পূর্ণ পরিশোধ করা হবে। এছাড়া আশ্বিন মাসের মধ্যে কিস্তিতে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সব টাকা পরিশোধ করা হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী জানান, রবিবার বিকালেই বাগান কর্তৃপক্ষ চা শ্রমিক ও কর্মচারীদের সিদ্ধান্ত অনুযায়ী বেতন ভাতা পরিশোধ করায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, জেলার মাধপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯৫৫ একক ভূমি নিয়ে গড়ে ওঠা বৈকুণ্ঠ চা বাগানে ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়ে বাগানের চা উৎপাদনের কাজ চলছিল। গত ৪ মাস ধরে বাগানের মালিকের অব্যবস্থাপনার কারণে চা বাগানের ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়মিত মজুরি, রেশন ওষুধ পাচ্ছে না। ফলে বিনা চিকিৎসায় ও অনাহারে ৬ শ্রমিক মারা যায়। এর প্রতিবাদে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আন্দোলনের ডাক দেয়। একই সঙ্গে দেশের ৬টি ভ্যালি সিলেট, জুড়ী, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করারও ঘোষণা দেয় চা শ্রমিক সংগঠন।
ছবি: ফাইল ফটো
আরও পড়ুন: ৬ জেলের লাশসহ ফিশিংবোট উদ্ধার
/এআর/







