ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবাহী একটি প্রাইভেটকার চাপায় মিলন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন রেলগেইট এলাকার চিশতি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকায়। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। এ ঘটনায় মোস্তাক আহমেদ ফয়সাল (২৮) নামে এক মাদক পাচারকারীকে ২০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, সকালে বিজয়নগর থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ওই প্রাইভেটকারটির পিছু নেয়। প্রাইভেটকারটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চিশতি পাম্পের উল্টোদিকে আড়াইসিঁধা সড়কে পথচারী মিলন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন মাদকপাচারকারী ছিল। এদের মধ্যে একজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। এছাড়া ২০ কেজি গাঁজাও প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
/এসটি/








