মৌলভীবাজার জেলা সদরের সৈয়ারপুর এলাকায় নিজ ছেলের হাতে মা রিনা ভৌমিক (৫৫) খুন হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরতলীর সৈয়ারপুর এলাকায় লোকনাথ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় খুনি উৎফল ভৌমিককে (৩৫) স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের তুলে দেয়। পুলিশ বলেছ, উৎফল ভৌমিক মানসিক রোগী। নিহত রিনা ভৌমিক সৈয়ারপুরের নির্মল ভৌমিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়ারপুর লোকনাথ মন্দিরের পাশে নিজ বাড়িতে উৎফল ভৌমিক তার মা রিনা ভৌমিককে ঘরের ভেতর দরজা বন্ধ করে দা দিয়ে কোপানোর পর লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে রিনা ভৌমিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
জানা গেছে, উৎফল ভৌমিক মানসিক ভারসাম্যহীন। সে এর আগেও এলাকার বেশ কয়েক জনকে বিভিন্ন সময় মারধর করে আহত করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ছেলেটি মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্মল কুমার ভৌমিক বাদী হয়ে ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
/এআর/








