সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কাজী আব্দুল হান্নানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে এ চার্জশিট দাখিল করেন।
সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে ঘটনার ৩৫ দিন পর আলোচিত এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসা সাংবাদিকদের জানান, খাদিজাকে কোপানোর সময়ের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং আসামি বদরুলের স্বীকারোক্তি দিয়ে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি আরও বলেন, বদরুলকে একমাত্র আসামি করে এ মামলায় ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। এর মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।
সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের পিপি মফুর আলী বলেন, আগামী ১৫ নভেম্বর মামলার নির্ধারিত তারিখে চার্জশিটের ওপর শুনানি হবে। আদালত চার্জশিট গ্রহণ করলে মামলার বিচার কাজ শুরু হবে।
চার্জশিট দাখিল করায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস সন্তোষ প্রকাশ করেছেন। বদরুল সর্বোচ্চ শাস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরদিন নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন। গত ২৩ অক্টোবর আদালত এ মামলার চার্জশিট ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
খাদিজা আক্তার নার্গিস বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে।
/বিটি/








