মৌলভীবাজারের নাসিরপুর গ্রামে সপরিবারে আত্মঘাতী জঙ্গি মোশারফ ওরফে সোহেল রানার প্রকৃত নাম লোকমান হোসেন। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়ায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশ জানায়, সোহেল রানার বাড়ি দিনাজপুরে। সে প্রায় ১০ বছর আগে বাড়ি ছাড়ে। সে একসময় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাও ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, লোকমান হোসেন ওরফে সোহেল রানা ২০০৭-০৮ সালে দিনাজপুর ছেড়ে চলে যায়। এরপর সে দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে বসবাস করতো। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটিও মামলা রয়েছে। লোকমান ওই মামলার চার্জশিটভুক্ত আসামি।
এর আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্র জানায়, সপরিবারে আত্মঘাতী মোশারফ ওরফে সোহেল রানা ছিল নব্য জেএমবির মধ্যম সারির নেতা। সাংগঠনিক সিদ্ধান্তেই সে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গিয়ে সদস্য সংগ্রহ শুরু করে। মাস কয়েক আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আস্তানা ছেড়ে চলে আসে বৃহত্তর সিলেট অঞ্চলে। নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসার সঙ্গে ছিল নিয়মিত যোগাযোগ।
/এমও/এসটি/








