মৌলভীবাজারের আওয়ামী লীগের ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার সম্মেলন স্থগিত করা হয়েছে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের মৌখিক নির্দেশে জেলা কমিটির এ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনও কিছু বলা হয়নি।
মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ সম্মেলন স্থগিতের বিষয়টি মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে মৌলভীবাজার জেলা কমিটির সভা আহ্বান করে। সেই সভায় আগামী ২০ মে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী জেলা সম্মেলনকে সামনে রেখে ২৪ মার্চ মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা কমিটির বর্ধিত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ এপ্রিল কমলগঞ্জ উপজেলা, ১৯ এপ্রিল শ্রীমঙ্গল পৌরসভা, ২০ এপ্রিল মৌলভীবাজার পৌরসভা, ২২ এপ্রিল কুলাউড়া উপজেলা, ২৫ এপ্রিল রাজনগর উপজেলা, ২৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলা, ২৯ এপ্রিল সদর উপজেলা ও ৩০ এপ্রিল জুড়ী উপজেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
উপজেলাগুলো সম্মেলনকে সামনে রেখে ইউনিয়ন এবং পৌরসভাগুলো ওয়ার্ড সম্মেলন করে।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ১২ এপ্রিল জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদকে টেলিফোনে উপজেলা ও পৌরসভার সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন। তবে কী কারণে স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনও কিছু বলা হয়নি।
মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘তিনদিন আগে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন টেলিফোনে সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন। তবে এখনও লিখিতভাবে কিছু জানানো হয়নি। আমি লিখিতভাবে জানানোর জন্য বলেছি।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্র যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবেই কার্যক্রম হবে।’
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্মেলন স্থগিতের বিষয়টি আমার জানা নেই।আমি বিদেশে ছিলাম।’
/এআর/








