সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। কানাইঘাট, অমলশীদ ও শেওলা পয়েন্টের পানি প্রবাহের প্রভাবে সুরমা নদীর পানি আরও বাড়বে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘কানাইয়ঘাট, অমলশীদ ও শেওলা পয়েন্টর পানি সুরমা নদী দিয়ে প্রবাহের ফলে সুরমা নদীর পানিসহ পুরো হাওর এলাকার পানি বাড়বে। এছাড়া সীমান্তের ওপাড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জন্য হাওরের পানি বেড়ে যাবে।’
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতিক বলেন, ‘দোয়ারাবাজার উপজেলার, চেলা, চিলাই ও খাসিয়ামারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নরসিংপুর, বাংলাবাজার, বোগলা, সুরমা, লক্ষ্মীপুর ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের দুই শতাধিক গ্রামে পানি ছুই ছুই করছে। এছাড়া মেঘালয় পাহাড়ের বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে পানি সমতলে নেমে আসছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এলাকায় বন্যা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
/জেবি/
আরও পড়তে পারেন: টাকা চুরির অপবাদে এ কেমন নির্যাতন!








