সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেছেন, ‘বাংলাদেশে আগে এক নম্বর সমস্যা ছিল জনসংখ্যা। জনসংখ্যা এখন জনশক্তিতে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে মাদক ও জঙ্গিবাদই হয়ে দাঁড়ালো মূল সমস্যা। তবে দেশে পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছে তা বিশ্বে বিরল। বিশ্বের বড় বড় দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের পরামর্শ চায়। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত।’
বুধবার সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘পুলিশ সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা এজন্য প্রয়োজন ফিডব্যাক। জনগণের সম্পৃক্ততা না থাকলে ফিডব্যাক পাওয়া যায় না। পুলিশের সব পরিশ্রমই বৃথা যায়। জনগণের পরামর্শ নিয়ে কাজ করলে পরিশ্রম স্বার্থক হয়।’
তিনি বলেন, ‘পুলিশের বিবেক আছে। এখন শিশুরাও পুলিশকে ভয় পায় না। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক বেড়েছে। পুলিশ সেবা দানে দিনে রাতে পরিশ্রম করে। অন্য বিভাগে তা নেই। তবুও পুলিশের বদনামের শেষ নেই।’
তিনি আরও বলেন, ‘প্রতিমাসে থানায় ১টি করে ওপেন হাউস ডে করার নির্দেশনা রয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্কের বহিঃপ্রকাশ এটি। এর মধ্য দিয়ে জীবন মানের উন্নয়ন ঘটে, অপরাধ ও ভয়ভীতি কমে।’
পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সাবইন্সপেক্টর রিপন চন্দ্র গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, কমিউনিটি পুলিশিং কমিটির সদর থানার সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, দৈনিক হাওরাঞ্চলের সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদারর দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।








