সিলেটে একটি হত্যা মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৩০ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আতিকুল হায়দার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে জামিন না মঞ্জুর হওয়া হত্যা মামলার আসামিদের ভিডিও ফুটেজ ও ফটো তুলতে গিয়ে দুই ফটোসাংবাদিক লিয়াকত বাহিনীর হামলার শিকার হন। তারা হলেন, যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান। এসময় তাদের ক্যামেরা ভাংচুর করা হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারী দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামালের পক্ষের হোসেন আহমদ নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় ৬ ডিসেম্বর নিহতের ভাই আমিন আহমদ লিয়াকত আলীসহ ৭৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে সিলেটের জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। ওই মামলায় লিয়াকত আলীসহ ৩১ জন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আতিকুল হায়দারের আদালতে হাজিরা দিতে আসেন। শুনানি শেষে আদালত ৩১ জনের মধ্যে ফয়েজ আহমদ বাবর নামের এক আসামির জামিন মঞ্জুর করলেও বাকী ৩০ জনকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, জৈন্তাপুরের লিয়াকত আলীসহ ৩১ জন আদালতে হাজিরা দিতে আসলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ৩০ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় আসামিদের ছবি ও ভিডিও তুলতে গেলে দুই সাংবাদিক হামলার শিকার হন।
আরও পড়ুন: মির্জা ফখরুল এখন জ্যোতিষী হয়েছেন: কাদের








