আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেটের জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত যমুনা টেলিভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল বাদি হয়ে এ মামলা দায়ের করেন। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে দ্রুত বিচার আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার নামীয় আসামিরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিফৌদ গ্রামের ওয়াজেদ আলীর পুত্র লিয়াকত আলী, নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ বাবর ও নজরুল, আদর্শ গ্রামের শামীম আহমদ, হরিপুরের জুয়েল আরমান ও খারু বিলের হোসেইন আহমদ ছাড়াও অজ্ঞাত আরও ১৫-১৬ জন।
ওসি গৌছুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত পাড়ায় দু'জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যমুনা টেলিভিশনের সাংবাদিক নিরানন্দ পাল বাদী হয়ে লিয়াকত আলীসহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করে। পরে পুলিশ তা দ্রুত বিচার আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে।







