মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। বড়লেখা উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন শনিবার বিকেলে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-বিয়ানীবাজার (এলজিইডি) সড়কের অর্জুনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (চান্দেরগুল) গ্রামের আজমত আলীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও তার শিশু সন্তান মাহফুজুর রহমান (৫)। নিহতরা বিয়ানীবাজারে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘটনার পরই ট্রাক্টরসহ চালক পালিয়ে গেছে।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন শনিবার বিকেলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ডান পাশে বসা মা ও ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের অটোরিকশা চালকসহ আর কোনও যাত্রীর কিছু হননি। স্থানীয়ভাবে শুনেছি নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও অটোরিকশাটি পাওয়া যায়নি। তাদের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী








