আওয়ামী লীগ সরকার কথা নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে সরকারকে জনগণ মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। শনিবার দুপুরে জামালগঞ্জের পাগনা ও হালির, চন্দ্রসোনার থাল, ধানকুনিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান সরকার হাওর এলাকার ফসল রক্ষার জন্য শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এবার আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষার জন্য বর্তমান সরকার তৎপর রয়েছে। গতবার আগাম বন্যায় হাওর এলাকার কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তা হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা একদিন ঢাকা থেকে এসে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করলাম তাতেই দায়িত্ব শেষ হয়ে যায় না। হাওরে বাঁধের কাজ ভালোভাবে হচ্ছে কিনা এ বিষয়ে এলাকার জনগণের সজাগ দৃষ্টি রাখতে হবে। এবার পিআইসি মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ দেওয়া হয়েছে। আগামীতে হাওর এলাকার মানুষ সুখে দিনযাপন করবে এটা আমরা বিশ্বাস করি।’
প্রতিনিধি দল স্পিডবোটে চড়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সংসদ সদস্য আনোয়ার হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহমদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোছা. সেলিনা জাহান লিটা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম নজুহাত ইয়াসমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন, স্থায়ী কমিটির সচিব ও উপ সচিব এম আরিফ পাশা, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানসহ প্রমুখ।








