ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে রয়েছেন শহরসহ আশপাশের গ্রামগুলো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১২ জুন) হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত নদীর পানি বাড়া অব্যাহত ছিল। যা বিপদসীমার ২২০ সেন্টিমিটার ওপরে উঠে যায়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। রাতে স্থানীয় লোকজন আতঙ্কে খোয়াই নদীর বাঁধের উপর রাতজেগে পাহারা দিয়েছেন। যাতে করে বাঁধের কোনও স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিক মেরামত করা যায়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টি না হলে বিকাল থেকে পানি কমতে থাকবে বলে তিনি আশা করেন।
এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ সময় তার সঙ্গে প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নদীপাড়ের বাসিন্দাদের সাথে কথা বলেছেন।








