সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়েছে। আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকটি সিলেটের দিকে যাওয়ার পথে ওসমানীনগরের ইলাসপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে।








